ফসলরক্ষা বাঁধ নির্মাণ

সুনামগঞ্জে বকেয়া বিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ প্রায় চার মাস আগে শেষ হলেও এখনো কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজন তাদের চূড়ান্ত বিল পাননি। বকেয়া বিলের দাবিতে বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে এসে গতকাল সোমবার মানববন্ধন করছেন পিআইসি সদস্যরা।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক ও হাওরে বাঁধ নির্মাণ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল আহাদের কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পিআইসির সদস্য মতছির আলী, মোশাহিদ আলম, সুরুজ মিয়া, লাকি আহমদ, সুজাত মিয়া, সালাহ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, এ পর্যন্ত তারা কাজের ৫৫ থেকে ৬৫ ভাগ বিল পেয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পিআইসির লোকজন এখনো তাদের চূড়ান্ত বিল পাননি।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, আমরা অবশিষ্ট টাকা ছাড়ের জন্য গত ১৪ জুন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। কিন্তু এখনো এ বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি।