পাবনার ঈশ্বরদীতে আশিক হোসেন (১৭) নামের এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মুলাডুলি বাণিজ্যিক ইক্ষু খামারের একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশিক হোসেন পাবনার গাছপাড়া খাঁ পাড়া গ্রামের কাশেম আলীর ছেলে এবং বালিয়া হালট আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
ঈশ্বরদী থানা পুলিশ জানায়, আশিক পেশায় ছাত্র হলেও করোনাকালীন সময়ে তিনি মাঝে মধ্যে বাবার ব্যাটারিচালিত অটো চালাতেন। গত ২৪ জুলাই সকালে বাবার অটো নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেননি।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২৫ জুলাই পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
২৭ জুলাই বিকেলে এক কৃষক আখক্ষেতে ঘাস কাটতে গিয়ে পচা লাশের দূর্গন্ধ পেয়ে প্রথমে স্থানীয়দের ও পরে ঈশ্বরদী থানা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি থানায় নিয়ে আসে। পরে পাবনা থানায় যোগাযোগ করে লাশটি আশিক হোসেনের বলে শনাক্ত হয়। সেই জিডি মূলেই মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার (ওসি) শেখ নাসীর উদ্দীন জানান, ব্যাটারিচালিত অটো ছিনতাই করেই আশিককে হত্যা করে নির্জন ওই স্থানে ফেলে গেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।