সোনাগাজীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সোনাগাজীর বগাদানা ইউনিয়নের একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনিয়নের তাকিয়া বাজার মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে ইউনিয়ন চেয়ারম্যান ইসহাক খোকনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি বলেন, উদ্ধারকৃত লাশটির শরীরে কোনো জামা কাপড় ছিল না। এছাড়া তার সাথে কোন পরিচয়পত্র মেলেনি। তবে ঘটনার কারণ ও তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। এর কারণ অনুসন্ধানে পিবিআই হতে একটি দল আমাদের সঙ্গে যোগ দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানান, ফজরের নামাজের সময় মসজিদের মুসল্লিরা অযু করতে এসে লাশটিকে ভাসতে দেখে আমাকে জানান। পরে বিষয়টি থানায় জানালে থানার ওসি (তদন্ত) আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধারের ব্যবস্থা করেন। লোকটি সম্ভবত এলাকার বাইরের কেউ হবে। কারণ বগাদানায় কেউ নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া যায়নি।