শুরু হচ্ছে ঢালিউড সিনেমার ‘ড্রাইভেন শো’

উন্নত বিশ্বে চলচ্চিত্র উপভোগের ক্ষেত্রে ‘ড্রাইভেন শো’ জনপ্রিয় একটি পদ্ধতি। এই শো সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলে রাখা ভালো, এটি একটি বড় মাঠে আয়োজন করা হয়। দর্শক যে যার গাড়িতে বসে সিনেমা উপভোগ করে থাকেন। পদ্ধতিটি ইউরোপ আমেরিকার তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়। করোনার উপদ্রবে প্রথাগত সিনেমা হলে সিনেমা দেখা অনেকটাই দুরুহ হয়ে পড়েছে। তাই এই সময়ে ‘ড্রাইভেন শো’ পদ্ধতিটি কার্যকর। কারণ এতে একটি গাড়ি থেকে আরেকটি গাড়ির দূরত্ব থাকে। তাই সামাজিক দূরত্ব মেনেই সিনেমা দেখা যায়। বাংলাদেশের কোনো সিনেমা আজ পর্যন্ত এই পদ্ধতিতে প্রদর্শনী হয়নি। কিন্তু খুব শিগগিরই তা হতে চলেছে। জনপ্রিয় নির্মাতা দীপংকর দীপন ও অস্ট্রেলিয়া প্রবাসী দুই বাংলাদেশি ওয়াহিদ সিদ্দিকী ও আকাশ আহসান মিলে গড়ে তুলেছেন ‘বাংলাদেশ ড্রাইভেন মুভি’ নামের একটি সংগঠন। যার মাধ্যমে বাংলাদেশের সিনেমাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে গতকাল অনলাইনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দীপংকর দীপন বলেন, ‘আমরা প্রথম সিনেমা হিসেবে রায়হান রাফি পরিচালিত সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত পোড়ামন ২ সিনেমাটিকে নির্বাচন করেছি। কারণ এটি গ্রামের পটভূমিকায় নির্মিত। এছাড়া সিনেমাটি সবার প্রিয় অকালপ্রয়াত নায়ক সালমান শাহকে উৎসর্গ করে নির্মিত। আমরাও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই।’ তিনি আরও বলেন, ‘আগামী ৭ আগস্ট সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার সিডনির ফেয়ার ফিল্ড শো গ্রাউন্ডে পোড়ামন ২’-এর প্রদর্শনী হবে ড্রাইভেন শো পদ্ধতিতে। বিদেশের যে সব শহরে বাংলাদেশের মানুষ বেশি থাকে সেখানেও পর্যায়ক্রমে আমাদের সিনেমার প্রদর্শনী করব। তখন লোগোতে গাড়ির যে নেমপ্লেট রয়েছে তার নাম পরিবর্তন হয়ে যাবে।’