ঝিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে তরুণ তরুণীর মৃত্যু

রাজধানীর মুগদা থানার মান্ডা ঝিলে নৌকা ডুবে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন নাঈমা সুলতানা (১৮) ও মৃদুল হাসান রাব্বি (১৮)। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে মান্ডার কদমআলী ঝিলপাড়ে এই নোকাডুবির ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা নিহত দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, নৌকা নিয়ে ৫ বন্ধু বেড়াতে গিয়েছিল কদমআলী ঝিলপাড়ে। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে গেলে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে তাদের দুজনকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে জানান, নিহত দুজনের বাসা মুগদা মান্ডা সরকারবাড়ি এলাকায়। তারা পরস্পর বন্ধু।

মুগদা থানার এসআই প্রাণতোষ বণিক জানান, নিহত রাব্বি উত্তর মান্ডার বাসিন্দা মো. রিপনের ছেলে। আর নাইমা সুলতানার বাবার নাম মাইনুদ্দিন। বাড়ি ফেনী জেলায়। বর্তমানে থাকেন মান্ডা সরকারবাড়ি এলাকায়।

নিহত দুজনই শিক্ষার্থী বলে জানালেও তারা কোন প্রতিষ্ঠানের তা জানাতে পারেনি পুলিশ।