শুক্রবার শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা

ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী শুক্রবার শিল্প এলাকায় সীমিত পরিসরে  খোলা থাকবে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এলাকাগুলো হচ্ছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখা।

সার্কুলারে বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি ও শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো আগামী ৩১ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। তবে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে।