হোসেনপুরে সংবাদ সম্মেলন

দুই সাংবাদিকের নামে করা মামলা প্রত্যাহার দাবি

কিশোরগঞ্জের হোসেনপুরে অনিয়মের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের নামে এক ঠিকাদারের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হোসেনপুর উপজেলা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিক নেতারা জানান, উপজেলায় একটি রাস্তা সংস্কারে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ হলে বিল আটকে যায় মেসার্স নাহিদ এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের। এতে ক্ষোভে ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন জয় সাংবাদিক শাহজাহান সাজু ও এস কে শাহীন নবাবের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

তারা আরও বলেন, একই খবর আরও কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে প্রচার হলেও ওইসব মিডিয়া বা সাংবাদিককে মামলায় জড়ানো হয়নি। তারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের জন্য দাবি জানান।