বাংলাদেশের বিপক্ষে কিপিং করার পেছনের ঘটনা বললেন কোহলি

২০১৫ সালে ভারতীয় দলের বাংলাদেশ সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মহেন্দ্র সিং ধোনির বদলে হঠাৎ উইকেটকিপিং গ্লাভস হাতে তুলে নেন বিরাট কোহলি। ধোনি তখন অধিনায়ক। কোহলি এক ওভার কিপিংও করে দেন। এতদিন পর মজার সেই অভিজ্ঞার স্মৃতিচারণা করেছেন বর্তমান ভারত অধিনায়ক।

বিসিসিআইয়ের ‘ওপেন নেটস উইথ মায়াঙ্ক’ চ্যাট শো-তে মায়াঙ্ক আগরওয়াল কোহলির কাছে জানতে চান, এমনটা কীভাবে ঘটেছিল।

উত্তরে কোহলি বলেন, ‘কখনো সুযোগ পেলে মাহি ভাইকে জিজ্ঞাসা করো, এমনটা কীভাবে হয়েছিল। মাহি ভাই হঠাৎই আমাকে বলে, দু-তিন ওভার উইকেটকিপিং করে দে। আমি উইকেটকিপিং করি এবং প্রয়োজন মতো ফিল্ডিংয়েও রদবদল করি। তখন বুঝতে পারি, মাহি ভাইকে প্রত্যেকটা বলে খেয়াল রাখতে হয়। সেই সঙ্গে ফিল্ডিংটাও সাজাতে হয়। কাজটা মোটেও সহজ নয়।’

আসলে ধোনি সেই সময় মাঠ ছেড়ে বাথরুমে গিয়েছিলেন। তাই কোহলিকে উইকেটকিপিং করতে হয়। কোহলি জানান তখন তার কী মনে হয়েছিল। তার কথায়, ‘সমস্যা ছিল একটাই। বল করছিল উমেশ যাদব। ও খুব জোরে বল করছিল। মনে হচ্ছিল বুঝি এবার বল এসে নাকে লাগবে। তাই ভাবছিলাম হেলমেট পরব। পরে মনে হয় সেটা খুব অপমানজনক দেখাবে।’

শুধু হেলমেট ছাড়া নয়, কোহলি পায়ের প্যাডও নেননি সেদিন। কোহলিকে অবশ্য দুই-তিন ওভার কিপিং করতে হয়নি। উমেশের ওভারে সাকিব আল হাসান আউট হয়ে যান। কিছুটা সময় পেরিয়ে যায় তাতে। ওই ওভার শেষেই মাঠে ফিরে ফের কিপিং গ্লাভস হাতে তুলে নেন ধোনি।