দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার এক অডিও বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান, যা মোবাইল অপারেটরদের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি, করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।’
প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বার্তাটির শেষে তিনি করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক!’