যশোরে তথ্যমন্ত্রী

বিএনপি নেতারা টিভিতে উঁকি দিয়ে সরকারের সমালোচনা করছেন

গঠনমূলক সমালোচনা কাজের ক্ষেত্রে সহায়ক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘করোনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা, মন্ত্রিসভার সদস্য ও এমপির মৃত্যু হয়েছে। এরপরও আমরা ঘরে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতটুকু সম্ভব কাজ করা হচ্ছে। কিন্তু বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে সরকারের সমালোচনা করছেন।’

গতকাল বুধবার যশোরে খুলনা বিভাগীয় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘যারা সমালোচনা করেন তাদের জন্যও সরকার। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘ পাঁচ মাস দেশে সব বন্ধ। কিন্তু একটি মানুষও না খেয়ে মরেনি। বিশ্বে করোনায় মৃত্যুহার কম দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি।’

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।