আন্তর্জাতিক বাজারে ওয়েট-ব্লু চামড়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি কোরবানির পশুর কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এসব চামড়া রপ্তানি হবে কেস-টু-কেস ভিত্তিতে। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। একই দিন আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর ফলে এখন আর রপ্তানি বাধা থাকবে না কাঁচা ও ওয়েট-ব্লু চামড়ার। এ সংক্রান্ত রপ্তানিকারকদের আবেদন পর্যালোচনা ও সুপারিশ করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
গত ২০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চামড়া শিল্প খাত উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। এ টাস্কফোর্স গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের সিদ্ধান্ত হচ্ছে এবার কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া।
বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সবার সঙ্গে আলোচনার পর মনে হয়েছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য রপ্তানি নীতি ২০১৮-২০২১-এর অনুচ্ছেদ ৯.১৫-এ কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা প্রয়োজন। এরপর বাণিজ্য মন্ত্রণালয় গঠিত এ-বিষয়ক কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে কেস-টু-কেস ভিত্তিতে কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির জন্য গঠিত কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধি রয়েছেন।