বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) বিগত নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সব প্রয়োজনীয় নথি সরবরাহের আদেশ চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে (ঢাকা যুগ্ম জেলা জজ আদালত-১) আবেদন করেছেন। গতকাল বুধবার তাবিথ আউয়ালের পক্ষে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ আবেদনটি করেন।
এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, ঈদুল আজহার ছুটির পর নির্বাচনী ট্রাইব্যুনালে এর শুনানি হতে পারে। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নথি সরবরাহের জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঁচটি চিঠি প্রেরণ ও সংশ্লিষ্ট দপ্তরের কোনো সাড়া না পাওয়ার অভিযোগ এনে তাবিথ ট্রাইব্যুনালে এ আবেদন করেন। আবেদনে তাবিথ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত ১৪টি সুনির্দিষ্ট নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। এর মধ্যে রয়েছে ইভিএম সম্পর্কিত সব রেকর্ড, সিল, সব পোলিং কার্ড, অডিট কার্ড, এসডি কার্ডের সঙ্গে রেকর্ডিং, লগ বই, নির্বাচন কমিশনের সব কর্মকর্তা এবং নির্বাচনে বিভিন্ন দায়িত্বে নিযুক্তদের তালিকা।
তিনি বলেন, সিটি নির্বাচনের পর তাবিথ আউয়াল ফলাফল বাতিল করার জন্য ট্রাইব্যুনালে একটি আবেদন করেছিলেন। পরে আদালত সংশ্লিষ্টদের তলব করে। মহামারীজনিত কারণে ট্রাইব্যুনালও ওই আবেদনের শুনানি করতে পারেনি।