বৈচিত্র্যময় চরিত্রে জুঁই

সুুপারস্টার মোশাররফ করিমের স্ত্রী বলে নয়, নিজের মেধার জোরে শোবিজে জায়গা করে নিয়েছেন রোবেনা রেজা জুঁই। গত রোজার ঈদে তেমন কোনো কাজ করতে পারেননি লকডাউনের কারণে। কিন্তু এবার পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ায় বেশ কিছু ঈদের নাটক করেছেন। এর মধ্যে একটি সাত পর্বের ধারাবাহিক, একটি টেলিছবি ও বাকিগুলো খন্ড নাটক। দীপ্ত টিভিতে ঈদের সাত দিন প্রচার হবে তার অভিনীত ‘গিরগিটি’ নাটকটি। রায়হান খানের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিমও। জুঁই বলেন, ‘নাটকটির গল্প ভাবনা আমার। এখানে আমি একজন সদ্য বিবাহিত স্ত্রী। আমার ফোনে নানা নম্বর থেকে কল আসতে থাকে। প্রতিটি কলে একজনেরই কণ্ঠস্বর, যা আমার খুব চেনা। যেন সে আমাকে সারাক্ষণ নজরদারি করছে। আমি পরে আছি, কী করছি সবই তার জানা। এমনই রহস্যঘেরা এই নাটকটি।’ ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় আরটিভিতে প্রচার হবে জুঁই অভিনীত ও আবু হায়াত মাহমুদ পরিচালিত নাটক ‘স্বপ্নভুক’। স্বপ্নভূক নাটকে আমার সাথে আছেন আনিসুর রহমান মিলন ভাই, আর এটা তার সাথে আমার প্রথম জুটিবদ্ধ হয়ে করা কাজ। ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে তার অভিনীত টেলিছবি ‘বিজয় ঘুড়ি’। একই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে তার নাটক ‘উইশ’। বাংলাভিশনে ঈদের সপ্তম দিন রাত ৯ টায় প্রচার হবে ‘প্রেমিকার এপিটাফে’ নাটকটি। এই নাটকে তার সাথে আছেন মোশাররফ করিম এবং পিয়া বিপাশা। জুঁই বলেন, ‘গল্পনির্ভর নাটক ছাড়া কাজ করি না। আমি সৌভাগ্যবান যে পরিচালকরা আমাকে নানা ধরনের চরিত্রে ভাবেন। চ্যালেঞ্জিং চরিত্রগুলো করতেই বেশি ভালো লাগে।’