করোনাভাইরাস সংকটে এবারও আওয়ামী লীগ নেতারা নিজের নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না। তবে ঈদে নেতাকর্মীদের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখলেও মোবাইল ফোনসহ নানা প্রযুক্তি ব্যবহার করে কাছেই থাকবেন নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দেশ রূপান্তরকে বলেন, করোনা মহামারীতে সশরীরে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সম্ভব না হলেও যোগাযোগ হবে ঠিকই। আমরা অসহায় মানুষের খোঁজখবরও রাখছি। সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি। আমরা সবাই ঢাকায় ঈদ করলেও এলাকার মানুষের থেকে বিচ্ছিন্ন নই।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রায় সবাই এবারের ঈদুল আজহা উদযাপন করবেন রাজধানী ঢাকায়। তবে দু-একজন এলাকাতেও যাচ্ছেন ঈদ করতে। আবার যারা ঈদে এলাকায় যাচ্ছেন না তাদের কেউ কেউ ঈদের আগে বা পরে নিজ নিজ এলাকায় গিয়ে ঘুরে আসবেন। পাশাপাশি করোনা ও বন্যা পরিস্থিতিতে এবারের কঠিন সময়ের এই ঈদে বিভিন্ন মাধ্যমে নিজ এলাকার অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতা করছেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও প্রায় সবাই এবার ঈদ উদযাপন করবেন ঢাকায়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ করবেন রাজধানী ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে। প্রতি বছর ঈদের দিন আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন প্রধানমন্ত্রী। তবে বৈশি^ক মহামারী করোনাভাইরাসের কারণে রোজার ঈদের মতো এবার ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। যদিও ইতিমধ্যেই তিনি অডিও ও ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি চলমান করোনাভাইরাস পরিস্থিতি মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
গণভবন সূত্রে জানা গেছে, ঈদে আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। গণভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোরবানিও দেওয়া হচ্ছে সেখানে।
এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ। বেশকিছু বছর ধরে প্রতিটি ঈদ ঢাকাতেই করেন তিনি। এবারও তিনি ঢাকাতেই ঈদ করবেন। এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদ করবেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদও রাজধানীতেই ঈদ করবেন। ঈদের দিন বনানীর বাসায় কাটাবেন তিনি। তবে নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আওয়ামী লীগের এই দুই নেতা। ঈদের দিনও অনলাইনে এলাকার মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন তারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোজার ঈদের মতো কোরবানির ঈদও করবেন ঢাকায়। রাজধানীর সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকেই ঈদের দিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে বেগম মতিয়া চৌধুরী, মুহাম্মদ ফারুক খান ঈদ করবেন ঢাকায়। সভাপতিমণ্ডলীর অন্য সদস্যদের মধ্যে কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানও ঢাকাতেই ঈদ করবেন। তবে তারাও ঈদে বিভিন্ন মাধ্যমে নিজ নিজ এলাকার মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব-উল আলম হানিফ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কানাডাতেই এবার ঈদ করবেন বলে জানা গেছে। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঈদ করবেন ঢাকায়। তবে এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
এছাড়া প্রতি বছর নিজ এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঈদ করলেও এবার রাজধানী ঢাকাতেই ঈদ করবেন যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে ঈদের আগে পরে নিজ এলাকা ঘুরে আসবেন তিনি। আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও এবার ঈদুল আজহা উদযাপন করবেন ঢাকায়। তবে ঈদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিজ এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখবেন তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন ঈদ করবেন ঢাকার ধানম-ির নিজ নিজ বাসভবনে। এছাড়া সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মির্জা আজম ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আইনবিয়ষক সম্পাদক নজিবুল্লাহ হিরু, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঈদ করবেন ঢাকায়।
এদিকে ১৪ দলীয় জোট নেতাদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঈদুল আজহায় ঢাকাতেই থাকবেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আখতারও ঈদ করবেন ঢাকায়। জাতীয় পার্টি-জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামও ঢাকাতেই ঈদ করবেন। তবে ঈদের আগে আনোয়ার হোসেন মঞ্জু নিজ এলাকায় ঘুরে এসেছেন। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানও এবার ঈদ করবেন ঢাকায়।