সাতক্ষীরা সদরে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ লিয়াকত সরদার (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ার বিলে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, লিয়াকত মাদক কারবারি ছিল। তার বিরুদ্ধে মাদক আইনে ১০টি মামলা রয়েছে। টাকা ভাগাভাগি নিয়ে মাদক কারবারিদের দুই গ্রুপের বিরোধের জেরে গোলাগুলিতে নিহত হয়ে থাকতে পারে সে। লিয়াকত ওই উপজেলার তলুইগাছা গ্রামের প্রয়াত মোসলেম সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, গতকাল ভোরে সদর উপজেলার কয়ারবিলে মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির খবরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এরপর ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি হাঁসুয়া, ৫০ বোতল ফেনসিডিল ও ২০০ ইয়াবাসহ গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করা হয়।