করোনা মহামারীর সময় সেলুন মালিকেরা যেসব গাইডলাইন অনুসরণ করছেন, তাকে ‘অপর্যাপ্ত’ বলেছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের গবেষকদের উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ বলছে, ফেস শিল্ডের পাশাপাশি নরসুন্দরদের অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত।
কোনো দেশের গাইডলাইনে এই ধরনের সতর্কবার্তা নেই বলে দেশটির বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
অধিকাংশ দেশে সেলুন-কর্মীরা শুধুমাত্র প্লাস্টিকের যে শিল্ড ব্যবহার করছেন, সেটি করোনা ঠেকায় না বলে জানিয়েছেন গবেষকেরা। ক্লায়েন্টের সঙ্গে তাদের দূরত্ব খুব কম থাকায় এই সুরক্ষা ব্যবস্থাকে অপর্যাপ্ত বলা হচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, সেলুনের কর্মীরা মাস্কের পাশাপাশি বিশেষ মুখোশ পরলে তুলনামূলক বেশি সুরক্ষিত থাকবেন।
টেলিগ্রাফ জানিয়েছে, এ বিষয়টি নিয়ে এনএইচএস’র কর্মকর্তারা সর্বশেষ মিটিংয়ে নিজেদের শঙ্কার কথা তুলে ধরেছেন।
মেডিকেল মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ প্রফেসর মার্ক উইলক্স বলছেন, ‘সেলুনের জন্য বর্তমানে যে গাইডলাইন আছে, সেটি সঠিক নয় বলে আমি মনে করি। কেন শুধুমাত্র শিল্ড ব্যবহার করতে বলা হচ্ছে, সেটি আমার বোধগম্য নয়।’