কোরবানীর মাংস বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ঢাবি সাংবাদিককে মারধর

ঝিনাইদহের মহেশপুরে মিসকিনদের কোরবানীর মাংস বিতরণে অনিয়মের অভিযোগ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।

ওই সাংবাদিকের নাম ইমরান হোসেন। তিনি ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও বার্তা সংস্থা ইউএনবির ঢাবি প্রতিনিধি। ইমরান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম রবিবার দেশ রূপান্তরকে বেলেন, এ বিষয়ে একটি অভিযোগ জমা পড়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ঈদের দিন কোরবানীর মাংসের মিসকিনদের অংশ বণ্টনে অনিয়মের প্রতিবাদ করায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইমরান হোসেনের ওপর হামলা চালায় স্থানীয় ইউপি সদস্য ও তার অনুসারীরা।

হামলায় তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন ও তার বাবা আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

ওসি সাইফুল ইসলাম বলন, রবিবার এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

একই ঘটনায় রবিবার এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির হামলায় জড়িত ইউপি সদস্য এবং তার অনুসারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।