ইউরোপের কনটেন্ট ক্রিয়েটরদের টাকা দেবে টিকটক

ইউরোপের ‘মেধাবী’ কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওর জন্য অর্থ দেয়ার ঘোষণা দিয়েছে টিকটক।

ছোট ভিডিও বানানোর অ্যাপটির মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্স জানিয়েছে, সামনের বছর থেকে ব্যক্তিভেদে মেধাবী ক্রিয়েটরদের মোট ৫৩ মিলিয়ন পাউন্ড দেয়া হবে।

টিকটক বলছে, মেধাবীরা যেন নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়তে পারে সেই উদ্দেশ্য এই অর্থ দেয়া হবে।

ঠিক কীভাবে, কোন শর্তে পেমেন্ট পাওয়া যাবে তা পরিষ্কার করেনি টিকটক।

টিকটকে এতদিন অনেক ব্যবহারকারী আয় করছিলেন। তবে সেটা বিশেষ পদ্ধতি কাজে লাগিয়ে। এর মধ্যে অনেকে স্পন্সরদের জন্যও ভিডিও বানাচ্ছিলেন।

চীন সরকারের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে ব্রিটেনসহ অনেক দেশে চাপে আছে টিকটক। এর ভেতর তারা নিজেদের ‘অস্তিত্ব’ টিকিয়ে রাখতে এমন ঘোষণা দিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

টিকটক বারবার বলছে চীন সরকারের সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই।

চীনা তকমা কাটাতে ইতিমধ্যে তারা বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। ডিজনির স্ট্রিমিং প্রধান কেভিন মেয়ারকে নিয়োগ দিয়েছে কোম্পানিটি। মেয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার হিসেবেও দায়িত্ব পেয়েছেন।