বড় ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে বিদেশফেরত এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার রাত ১২টার দিকে ভাইয়ের বাড়ির দরজার সামনে বিষপানে ওই নারী আত্মহত্যা করেন বলে জানিয়েছে পরিবার ও আত্মীয়স্বজন।
ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে।
মৃত পারুল বেগম (৩৫) ওই গ্রামের মৃত বশির মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একমাত্র ছেলেকে রেখে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গৃহকর্মীর কাজ নিয়ে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যে। কিন্তু তার মায়ের অসুস্থতার কথা শুনে করোনা দুর্যোগ শুরুর আগেই দেশে ফিরেন পারুল। দেশে ফিরে ভাই বাছিত মিয়ার কাছে তার পাওনা টাকা চাইতে গেলে শুরু হয় বিরোধ।
এ নিয়ে নিকট আত্মীয়দের কাছে বিচার চেয়েও কোনো বিচার না পেয়ে অবশেষে রবিবার রাত ১২টায় বড় ভাই বাছিত মিয়ার বসতঘরের দরজার সামনেই বিষপান আত্মহত্যা করেন পারুল বেগম।
সোনাপুর গ্রাম ও তার আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, প্রবাসে থাকাকালীন পারুল বেগম অর্জিত টাকা তার ভাই বাছিত মিয়ার কাছে পাঠাতেন। দেশে ফেরার পর ভাই বাছিত মিয়া বোনের টাকা ফেরত না দিয়ে উল্টো তার ওপর নানাভাবে অত্যাচার করতেন। ফলে পারুল বেগম নিকট আত্মীয়দের কাছে এসব ঘটনার বিচার প্রার্থনা করে তাদের বাড়িতে থাকতেন।
ঈদের সময় কেনাকাটার জন্য ভাইয়ের কাছে টাকা চেয়ে তিনি পাননি। এ অভিমানে ঈদের পরদিন শনিবার দিবাগত রাত ১২টায় ভাইয়ের বসতঘরের দরজার সামনে বিষপান করেন পারুল। তাকে উদ্ধার করে রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পারুলের লাশ উদ্ধার করে।
সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মারা যাওয়া পারুল বেগমের এক আত্মীয় বলেন, তার টাকা-পয়সা বড় ভাই আত্মসাৎ করেছেন। টাকা ফেরৎ চাইতে গেলে তাকে নানাভাবে নির্যাতন করা হতো। এসব ঘটনার বিচার চেয়েও তিনি বিচার না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন।
নিহত পারুলের বড় ভাই বাছিত মিয়া বলেন, সে বিসপানে আত্মহত্যা করেছে ঠিক তবে সে এমনিতেই মানসিক ভারসাম্যহীন ছিল। তার কোনো টাকাপয়সা কেউ আত্মসাৎ করেনি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ নারীর মৃত্যু নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। পুলিশি তদন্তকালে এসব গুঞ্জন গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।