উপবৃত্তি দেয়ার লোভ দেখিয়ে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের নবাবগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রকে (১১) উপবৃত্তি দেয়ার লোভ দেখিয়ে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই ছাত্রের বাবা সোমবার দুপুরে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।

মামলা এবং স্থানীয় অভিযোগ সূত্রে  জানা গেছে, গত ২৭ জুলাই প্রাধান শিক্ষক উত্তম কুমার সাহা  ভুক্তভোগী ছাত্রকে এ হাজার টাকার উপবৃত্তি দেবার লোভ দেখিয়ে স্কুলে ডেকে নেয়। এরপর  প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ওই ছাত্রকে বিদ্যালয়ের পাশে হলুদের খেতে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে ওই শিক্ষার্থী ঘটনাটি তার বাবা মা কে জানায়। 

ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় কোন প্রকার আইনগত ব্যবস্থা না নিতে প্রধান শিক্ষক ওই ছাত্রের অভিভাবকদের ওপর বিভিন্নভাবে চাপ দিতে থাকে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা জানান, ওই দিন দুপুরে বৃষ্টির মধ্যে ছাত্রটিকে কোলে করে তিনি মাছ মারতে যাচ্ছিলেন। গ্রামের কিছু লোক এটি দেখে পূর্ব শত্রুতার জের ধরে  ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে।এ ঘটনায় তিনি ওই ছাত্রের বাবা মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন।

বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। বিষয়টি সম্পর্কে অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকার করার ঘটনায় মামলা হওয়ায় আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, এ ঘটনায় আজ ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন মামলা দিয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযান চালাচ্ছে।