চসিকের প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার চসিকের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগেই তাকে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছেÑ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধনী) আইন, ২০১৯ অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ আগামী ৫ আগস্ট উত্তীর্ণ হবে বিধায় খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়Ñ নিয়োগের মেয়াদ ৬ আগস্ট থেকে সর্বোচ্চ ১৮০ দিন। খোরশেদ আলম সুজন আগামী ৬ আগস্ট সকালে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম চসিকের প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনের নাম ঘোষণা করেন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৫(১) ধারায় বলা আছে, সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হলে সরকার সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত এর কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে। একই আইনের ২৫(২) ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজনবোধে যথাযথ বলে বিবেচিত হয় এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তার জন্য নিয়োগ করতে পারবে। আর ২৫(৩) ধারায় বলা হয়েছে, প্রশাসক এবং কমিটির সদস্যরা যথাক্রমে মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে চসিক নির্বাচন স্থগিত হওয়ায় সেই আইন অনুসারে স্থানীয় সরকার মন্ত্রী বর্তমান পর্ষদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের দিন খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

খোরশেদ আলম সুজন এক প্রতিক্রিয়ায় দেশ রূপান্তরকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনকে মূল্যায়ন করেছেন, এজন্য আমি প্রথমেই তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতি করে এখন নগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। ৬ আগস্ট সকালে আমি চসিকের প্রশাসক হিসেবে দায়িত্বভার নেব। প্রয়াত নগরপিতা মহিউদ্দিন চৌধুরীর নীতি অনুসরণ করে নগর উন্নয়নে কাজ করব। তাই সবার সহযোগিতা চাই।

গতকাল দুপুরে নগরের চিটাগাং ক্লাবে চলতি অর্থবছরে চসিকের বাজেট অধিবেশন ও মিট দ প্রেস অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সদ্য নিয়োগপ্রাপ্ত চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজনকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, চসিকের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত খোরশেদ আলম সুজন আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। আমি বর্তমানে যেই কমিটির সাধারণ সম্পাদক, তিনি সেই কমিটির সহ-সভাপতি। তার মূল্যায়ন হয়েছে। চসিক পরিচালনায় আমি তাকে শতভাগ সহযোগিতা করব।

চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রেজাউল করিম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘আইন অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনে যেহেতু প্রশাসক নিয়োগ দিতে হচ্ছে, তাই সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে। নতুন প্রশাসক খোরশেদ আলম সুজনকে অভিনন্দন জানাই। পাশাপাশি চসিকের নতুন প্রশাসকের দায়িত্বকে এগিয়ে নিতে বর্তমান মেয়র আ জ ম নাছিরের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। কেননা, তিনি গত পাঁচ বছর দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন।’