জামিনের শর্ত ভেঙে নৌবিহার যুদ্ধাপরাধ মামলার আসামির

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার আসামি জোবায়ের মনির অসুস্থতা দেখিয়ে জামিন নিয়েছেন। ঢাকায় থাকবেন এমন শর্তে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাকে জামিন দেয়। তবে সম্প্রতি জামিনের শর্ত ভঙ্গ করে সুনামগঞ্জের শাল্লার বাড়িতে এসে নৌবিহার করেছেন তিনি। এমনকি মামলার বাদী ও সাক্ষীদের বাড়ির সামনে গিয়ে জোবায়ের মনির হুমকি-ধামকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। পরে গত সোমবার জোবায়ের মনির ঢাকায় ফিরে যান বলে তার আত্মীয় ও স্থানীয় থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, এলাকায় আর্থ-সামাজিকভাবে প্রভাবশালী হিসেবে এখনো প্রতিষ্ঠিত জোবায়ের মনিরের পরিবার। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন সবসময় তটস্থ থাকেন।

জানা যায়, জোবায়ের মনির অসুস্থতাজনিত কারণ দেখিয়ে গত ফেব্রুয়ারি মাসে ঢাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না এমন শর্তে ট্রাইব্যুনাল থেকে জামিন নেন। সেই শর্ত ভেঙে ঈদের আগের দিন শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে আসেন। ঈদের দিন কোরবানি দেন। এরপর তার নিজের লোকজনকে নিয়ে নৌকা ও স্পিডবোটে এলাকায় ঘুরে বেড়ান। এরপর গত সোমবার তিনি এলাকা ছেড়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর মোর্শেদ গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, ‘যুদ্ধাপরাধ মামলার আসামি জোবায়ের মনির ঈদে বাড়িতে এসেছিলেন বলে শুনেছি। খবর পেয়ে আমরা তার বাড়ি গিয়ে জানতে পারলাম, তিনি সোমবার ঢাকা চলে গেছেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত পাঠাব।’

১৯৭১ সালের ৪ ডিসেম্বর শাল্লার পেরুয়া, উজানগাঁও ও শ্যামারচরে গণহত্যা-অগ্নিসংযোগসহ যুদ্ধাপরাধ সংঘটিত হয়। শ্যামারচর বাজারের স্কুলের সামনে হিন্দু সম্প্রদায়ের ২৭ ব্যক্তিকে জোরপূর্বক ধর্মান্তরিত করে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করা হয়। পরে কয়েকটি পল্লীতে তিন শতাধিক রাজাকার নারীদের ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এই গণহত্যায় জোবায়ের মনির নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। ২০১৬ সালের মার্চ মাসে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি লিখিত অভিযোগ দেন পেরুয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রজনী দাস। এরপর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গণহত্যায় যুক্ত থাকা ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর ২০১৮ সালের ১৯ ডিসেম্বর জোবায়ের মনির, জাকির হোসেন, তোতা মিয়া, সিদ্দিকুর রহমান, আবদুল জলিল ও আবদুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৯ সালের ১৭ জুন রজনী দাসের করা মামলায় জোবায়ের মনিরসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মো. নুর হোসেন।

আন্তর্জাাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা রজনী দাসের করা মামলার তদন্ত কর্মকর্তা মো. নুর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘অসুস্থতাজনিত মানবিক কারণ দেখিয়ে জোবায়ের মনির জামিন নিয়েছেন। জামিনের শর্ত অনুযায়ী তিনি ঢাকা শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না। তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন। স্থানীয় পুলিশ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। একইভাবে বিষয়টি ট্রাইব্যুনালেও অবহিত করা হবে।’