জাপান ভ্রমণে বিপত্তির মুখে বাংলাদেশিরা

বাংলাদেশসহ চারটি দেশের নাগরিকদের জাপান ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে টোকিও প্রশাসন। বাংলাদেশ ছাড়া অন্য দেশ তিনটি হলো পাকিস্তান, ফিলিপাইন ও পেরু। দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নিচ্ছে জাপান সরকার। আগামী শুক্রবার থেকে নতুন এই নিষেধাজ্ঞা বলবৎ করা হবে বলে জানিয়েছে জাপান টাইমস। তবে এই চারটি দেশের কেউ যদি জাপানের নাগরিক হয়ে থাকেন এবং তাদের করোনা নেগেটিভ রিপোর্ট থাকলে জাপানে প্রবেশ করতে পারবেন। নেগেটিভ রিপোর্ট জাপানি দূতাবাস ও কাউন্সিলর বরাবর আগেই জমা দিতে হবে। তবে অন্য কোনো দেশের নাগরিকদের ক্ষেত্রে এমন করোনা নেগেটিভ রিপোর্ট চাচ্ছে না জাপান সরকার। কিন্তু তাদের জাপানে প্রবেশের পর অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং কোনো গণপরিবহনে চলাফেরা করতে পারবেন না। কোনো জাপানিও যদি দেশে ফিরে আসেন এই সময়ে, তাকেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে টোকিও প্রশাসন। জাপান বিদেশিদের জন্য দেশের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সম্প্রতি দেশটিতে নতুন করে কয়েকজন করোনায় আক্রান্ত হলে ফের বিধিনিষেধ দিতে শুরু করে দেশটি।

এর আগে গত ২৭ মে জাপান করোনা প্রতিরোধে তাদের দেশের বিভিন্ন এলাকায় জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার শুরু করলেও জাপান ভ্রমণে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। নিষেধাজ্ঞা পরবর্তী দুই মাস পর্যন্ত থাকতে পারে বলা হয়েছিল।

জাপান সরকারের পরিসংখ্যান মতে, করোনার প্রাদুর্ভাবের মধ্যে দুই লাখ বিদেশি জাপান ছেড়ে গেছে, যাদের আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।