বঙ্গবন্ধু শিল্পনগরে ১০০ একর জমি পেল ইয়াবাং গ্রুপ

বিদেশি মালিকানায় শিল্প স্থাপনে চীনের ইয়াবাং গ্রুপের সঙ্গে জমির ইজারা চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। চুক্তি অনুযায়ী ফেনী-চট্টগ্রাম সীমান্তে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নির্ধারিত ১০০ একর জমিতে ২০২১ সালে শিল্প স্থাপন শুরু করবে ইয়াবাং।

গতকাল মঙ্গলবার সকালে কারওয়ানবাজারে বেজা কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন ইয়াবাং গ্রুপের উপমহাব্যবস্থাপক উই ঝু ও বেজার নির্বাহী সদস্য ইরফান শরীফ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান ও ইয়াবাং গ্রুপের চেয়ারম্যান ঝু শিয়াওচু এ সময় উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বিনিয়োগের আরও একটি ক্ষেত্র উন্মোচন হলো। এতে প্রমাণিত হয় অর্থনৈতিক অঞ্চলের হাত ধরে দেশ বিনিয়োগবান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবেও বেজা বিভিন্নভাবে কাক্সিক্ষত বিনিয়োগ আকর্ষণে সমর্থ হয়েছে। উন্নয়ন কার্যক্রমও থেমে নেই। এতে দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে বিদেশি অনেক শিল্প।

বেজার পক্ষ থেকে জানানো হয়, ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিংস গ্রুপ চীনের ইয়াবাং গ্রুপের অন্তর্ভুক্ত। তারা ডায়িং ও পেইন্টিংয়ের ক্ষেত্রে অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। এ গ্রুপটি জিয়াংসু স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত।

ডাই ও রং ছাড়াও পিগমেন্ট, ফার্মাসিউটিক্যালস, ভেটেরিনারি ওষুধ, কীটনাশক, ফটোভোলটাইকস, মাইনিং, লজিস্টিকস, ফিন্যান্স এবং রিয়েল এস্টেট সেক্টরে তাদের বিনিয়োগ রয়েছে। ইয়াবাং গ্রুপের পরিচালন আয় ৪৫০ কোটি ডলার। তারা শীর্ষস্থানীয় ৫০০ চীনা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।

ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিংস গ্রুপ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে টেক্সটাইল ও অন্যান্য রাসায়নিক শিল্প স্থাপনে বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে। তারা বার্ষিক ইজারা ভাড়া ভিত্তিতে ১০০ একর জমিতে শিল্প স্থাপন করবে। সংস্থাটি প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নের সমর্থনে বাস্তবায়ন পরিকল্পনার পাশাপাশি মাস্টারপ্ল্যান জমা দিয়েছে। পরিবেশগত সমস্যা সমাধানের জন্য পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনাও জমা দিয়েছে। প্রকল্পে উৎপাদিত পণ্য ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতে রপ্তানি হবে। ২০২১ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।