খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ

নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি : বিএনপি

ঈদের দিন রাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি নেতাদের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বলে জানিয়েছে দলটি। সাক্ষাতে রাজনৈতিক আলোচনা নিয়ে দুটি পত্রিকায় ছাপা সংবাদের প্রতিবাদও জানিয়েছে দলটি। গতকাল বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। ১ আগস্ট রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ছাপা সংবাদ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘এটি সঠিক নয়, বানোয়াট সংবাদ। জাতীয় ঐক্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং ম্যাডাম সম্পর্কে একটি ভুল ধারণা দেওয়ার চেষ্টা করা। যে আলোচনা হয়েছে, তা সেদিনই আমি ব্রিফিং করে বলেছি। তিনি অসুস্থ, রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেননি।’

গণমাধ্যমে পাঠানো রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে রাজনৈতিক আলোচনা হয়েছে, এমন সংবাদ দেশের দুটি পত্রিকায় ছাপা হয়েছে। ওই সংবাদ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন। খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের শুধু ঈদ শুভেচ্ছা ও পারস্পরিক কুশলাদি বিনিময় হয়েছে। খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন নেতারা।