মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলন

ড্রেজারের পাইপ গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারের সাড়ে ৬ হাজার ফুট পাইপ গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সকালে শহরের পুরানবাজার, সরকারি সুফিয়া কলেজ রোড, লঞ্চঘাট, পানিছত্র এলাকাসহ সদর উপজেলার কুলপদ্বী, ঝাউদি, শিমুলতলায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস এবং সহকারী কমিশনার (ভূমি) হোসনে আরা তন্নী।

দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গত ১ আগস্ট শহররক্ষা বাঁধের ৫৩ মিটার অংশ ধসে পড়ে। এ সময় কয়েকটি স্থাপনাসহ বসতভিটা নদে বিলীন হয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ড্রেজার ও পাইপ সরিয়ে নিতে ৪ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় জেলা প্রশাসন। পরে গতকাল দিনব্যাপী অভিযান চালানো হয়। এ সময় ধ্বংস করা হয় সাড়ে ৬ হাজার ফুট ড্রেজারের পাইপ। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায় বালু ব্যবসায়ীরা।