সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বারোইটেপরী গ্রামে গৃহবধূ আলো খাতুনকে (২০) শ^াসরোধে হত্যার অভিযোগে মঙ্গলবার রাতে তার স্বামী নাজমুল হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতর বাবা বারোইটেপরী গ্রামের খোরশেদ আলম বলেন, এক বছর আগে একই গ্রামের ছাত্তার মোল্লার ছেলে নাজমুল হোসেনের সঙ্গে তার মেয়ে আলো খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাজমুল আলোকে নানা অজুহাতে মারধর করে আসছিল। গত মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে শ^াসরোধে হত্যার পর বিষয়টি ধাপাচাপা দিতে আত্মহত্যা বলে প্রচার চালায় নাজমুল। খবর পেয়ে আমরা গিয়ে আলোর শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দিই। পুলিশ লাশ উদ্ধার ও নাজমুলকে আটক করে।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় নিহতের বাবা খোরশেদ আলম বাদী হয়ে নাজমুলকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। লাশ উদ্ধার করে গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাজমুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।