ছবি তুলে প্রতারণা হবিগঞ্জে গ্রেপ্তার ১

হবিগঞ্জ সদর থানার পুলিশ শাহ আফজাল হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। মন্ত্রী, এমপি ও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে ফেইসবুকে পোস্ট করে সাধারণ মানুষকে প্রতারণা করা তার পেশা ছিল বলে পুলিশ জানিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৮টার দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে গোপনে জেলা প্রশাসকের বাংলোতে প্রবেশ করেন আফজাল হোসেন। তিনি বাংলোর ড্রইংরুমের চেয়ারে বসে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেন। রাতেই বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের। পরে জেলা প্রশাসকের নির্দেশে প্রতারক আফজালের মোবাইল ট্র্যাকিং করে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে ফোন করা হলে তিনি ভুয়া ঠিকানা বলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, সদর থানায় প্রতারণার লিখিত অভিযোগ করেছেন শায়েস্তানগর এলাকার এক ঠিকাদার ও অপর এক ব্যবসায়ী। আফজালের প্রতারণার আরও কাহিনী বেরিয়ে আসছে। তাকে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।