কুমিল্লার মুরাদনগরে এক সৌদি প্রবাসীর বসতবাড়ি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বুধবার মধ্যরাতে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ সময় ঘরের আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির।
জানা গেছে, মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মনির হোসেনের স্ত্রী তার সন্তানদের নিয়ে হাটাস গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর তাদের তালাবদ্ধ ঘরে বুধবার রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। মধ্যরাতে আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ওই প্রবাসীর বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের সূত্রপাত জানা না গেলেও এই আগুন লাগানো হয়েছে বলে দাবি পরিবারের।
প্রবাসীর স্ত্রী বিলকিস আক্তার বলেন, আমি সন্তানদের নিয়ে ঈদের সময় বাবার বাড়িতে বেড়াতে যাই। আমাদের গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, ল্যাপটপ ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ও আমার জানানো সুখের সংসার পুড়ে ছাই হয়ে গেল। এখন সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকুও রইল না আমার।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জহিরুল ইসলাম বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেছে।
মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।