কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে আইজিপির ঈদ উপহার

কুড়িগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

বুধবার দুপুরে চিলমারী উপজেলার রমনা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার পক্ষে ঈদ উপহার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। উপহার হিসেবে বন্যার্তদের মাঝে চাল, ডাল ও তেল তুলে দেয়া হয়।

ঈদ উপহার পেয়ে খুশি হয়ে পুঁটিমারীর শহীদ পত্নী আলেয়া বেগম (৭০) দেশ রূপান্তরকে বলেন, কাইও খোঁজ নেয় না -কেমন আছি কী খাই। ঈদ করলোং খায়া না খায়া। বাবার ঘর আসছে তামার আল্লাহ ভাল করুক।

ঈদ উপহার বিতরণ শেষে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, আমরা জেলা পুলিশ কুড়িগ্রামের সদস্যরা আজ আপনাদের মাঝে আইজিপি স্যারের পাঠানো ঈদ উপহার দিলাম এবং সামনের দিনগুলোতেও আপনাদের পাশে থাকব আমরা।

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ও চিলমারী মডেল থানার সহযোগিতায় এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহামুদ হাসান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম প্রমুখ।