শ্রীলঙ্কা সফরে ডমিঙ্গোদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা

জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশ দলের। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া সিরিজটা নতুন সূচিতে অক্টোবরে আয়োজনের আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকেই দ্বীপ দেশটিতে উড়াল দিতে পারে টাইগাররা। তবে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ দক্ষিণ আফ্রিকান কোচিং স্টাফদের এর আগে পাওয়া নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।

এই অনিশ্চয়তার কারণও করোনাভাইরাস। মার্চ থেকে করোনা প্রাদুর্ভাবের কারণে একে একে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে যাচ্ছিল বিশ্বজুড়ে। সেই সময়টায় বাংলাদেশ দলের প্রোটিয়া কোচিং স্টাফরা দেশে ফেরেন। রাসেল ডমিঙ্গো ছাড়াও যে তালিকায় রয়েছেন আরো তিনজন- ব্যাটিং উপদেষ্টা নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। আপাতত যাদের নিজ দেশ ছেড়ে আসার কোনো সুযোগই নেই।

এর কারণ দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি এখন জটিল। দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ আছে। দ্রুতই বিমানবন্দরগুলো খুলে দেওয়ারও কোনো আলামত নেই। তাই শ্রীলঙ্কা সফর সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শিবির শুরু হলে প্রোটিয়া কোচদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

যদিও বিসিবি আশাবাদী ডমিঙ্গোদের সময়মতো পাওয়ার ব্যাপারে। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার সম্ভাব্য তারিখ ২৪ সেপ্টেম্বর ঠিক করেছে বিসিবি। আর সিরিজ শুরু হতে পারে অক্টোবরের মাঝামাঝি। হাতে সময় থাকাতেই আশাবাদী দেখাচ্ছে সংস্থাটির কর্মকর্তাদের।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের শ্রীলঙ্কা সফরের এখনো দেরি আছে অনেক। আশা করি, যাওয়ার সময় আসতে আসতে দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি এত খারাপ থাকবে না এবং ডমিঙ্গোদের আসার ব্যবস্থাও হয়ে যাবে।’

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আলোচনাও চলছে বিসিবি ও এসএলসির মধ্যে।