ভালো প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় মুমিনুল

করোনাভাইরাসের কারণে সেই মার্চ থেকে ঘরবন্দী ছিলেন। দীর্ঘ ৫ মাস পর শনিবার মাঠে অনুশীলন করলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রথম দিন অনুশীলনে মানিয়ে নিতে কষ্ট হওয়ার কথা জানালেও সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস তার। একই সঙ্গে ভালো প্রস্তুতি নিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রত্যয় লাল বলের টাইগার অধিনায়কের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে ঈদের পর এদিন থেকে আবার শুরু হয়েছে ক্রিকেটারদের একক অনুশীলন। ঈদের আগে প্রথম পর্বের অনুশীলনে মোট ১৪ ক্রিকেটার অংশ নিলেও দ্বিতীয় পর্বে যোগ হয়েছে আরো এক ঝাঁক ক্রিকেটার। যারা মিরপুরসহ দেশের মোট ৫ ভেন্যুতে একক অনুশীলন করবেন।

দীর্ঘ বিরতির পর মাঠের অনুশীলনে ফেরা মুমিনুল বলছিলেন, ‘অনেক দিন পর ক্রিকেটে ফিরতে পেরেছি। খুব ভালো লাগছে। মানিয়ে নিতে হয়তো সময় লাগবে। দুই-তিন দিন বা চার-পাঁচ দিন। আশা করছি, খুব দ্রুত মানিয়ে নিতে পারব।’

এত দিন মাঠকে খুব মিস করেছেন বলে জানালেন মুমিনুল। সঙ্গে লকডাউনের সময়ে কিছু ইতিবাচক দিকের কথাও জানালেন এই বাঁ-হাতি ব্যাটার। তার কথায় মাঠের বাইরে থেকে খেলার উন্নতিতে কাজ করেছেন।

মুমিনুল বলেন, ‘যেহেতু কোনো কাজ ছিল না, ক্রিকেট নিয়ে অনেক চিন্তা-ভাবনা করার সুযোগ পেয়েছি। কেউ ফিটনেস নিয়ে কাজ করেছে। কেউ মানসিক দিক নিয়ে কাজ করেছে। কোচদের সঙ্গে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল কাজ করেছে, কীভাবে স্কিলের দিক থেকে উন্নতি করা যায়। অনেকে তার ব্যক্তিগত কাজ করেছে, কীভাবে নিজের খেলার আরও উন্নতি করা যায়।’

যোগ করে বলেন, ‘আমার কাছে মনে হয়, এসব থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। খেলার ভেতরে থাকলে এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ কম হয়। মাঠের বাইরে থেকে নিজের খেলায় কীভাবে উন্নতি করা যায়, সেগুলি নিয়ে কাজ করেছি।’

জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশ দলের। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া সিরিজটা নতুন সূচিতে অক্টোবরে আয়োজনের আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকেই দ্বীপ দেশটিতে উড়াল দিতে পারে টাইগাররা। অক্টোবরের মাঝামাঝি শুরু হবে সিরিজ।

তার আগে নিজেদের ভালোভাবে তৈরি করার বিশ্বাস মুমিনুলের, ‘সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। সে জন্য আমরা ভালো একটা প্রস্তুতি নেব। যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেটে যাব, আমার কাছে মনে হয়, আমরা প্রস্তুতির যথেষ্ট সুযোগ পাব। সব দিক থেকে প্রস্তুতি নিয়ে ভালোভাবে টেস্ট ম্যাচ শুরু করতে পারব।’