লন্ডন-সিলেট রুটের ফ্লাইট চালু হচ্ছে কাল

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে আবারও চালু হচ্ছে লন্ডন-সিলেট রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ওই দিন ফ্লাইটটি সিলেটে যাত্রী নামিয়ে দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। তবে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো হয়নি পূর্ণাঙ্গ বা স্থায়ী কোয়ারান্টাইন সুবিধা।

বেবিচক সূত্র জানিয়েছে, ২০১৯ সালের প্রথম দিকে লন্ডন-সিলেট রুটে ফ্লাইট চালু হয়েছিল। পরে চলতি বছরের শুরুর দিকে হঠাৎ তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে লন্ডনের সিলেটপ্রবাসীরা জোর দাবি জানিয়ে আসছিলেন ওই ফ্লাইট আবারও চালু করার। কিন্তু করোনাকালে বিদেশফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরে কোয়ারেন্টাইন সুবিধা চালু রাখার বাধ্যবাধকতায় বেবিচক থেকে তাগিদ দেওয়া হয়। বেবিচক বারবার আবেদন করার পরও স্বাস্থ্য বিভাগ ওসমানী বিমানবন্দরে কোয়ারেন্টাইনের উদ্যোগ নেয়নি সঠিক সময়ে।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সেখানে প্রাথমিকভাবে অস্থায়ী কোয়ারেন্টাইনব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। যাতে এ নিয়ে কোনো ধরনের জটিলতা দেখা না দেয়।

জানা গেছে, সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট লন্ডন থেকে সরাসরি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর মধ্য দিয়ে আবারও প্রবাসী-অধ্যুষিত সিলেটবাসীর সরাসরি লন্ডন-সিলেট রুটে ফ্লাইট চালুর দাবি পূরণ হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আরও আগে করা সম্ভব হতো যদি সঠিক সময়ে সেখানে কোয়ারেন্টাইনব্যবস্থা থাকত।

এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ জানান, গত মঙ্গলবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানিয়ে এ ব্যাপারে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের করোনার বিষয়টি স্বাস্থ্য বিভাগ দেখবে। করোনা আক্রান্তদের আইসোলেশনে রাখার জন্য ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতাল প্রস্তুত আছে। বিমানের ফ্লাইটে করোনা আক্রান্ত কিংবা সন্দেহভাজন যদি কেউ থেকে থাকেন, তাদের আইসোলেশন-কোয়ারেন্টাইনেরও ব্যবস্থা করা হয়েছে। কোয়ারেন্টাইনের জন্য সিলেট নগরের নাইওরপুলের ফরচুন গার্ডেন হোটেল প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকেও বেবিচককে জানানো হয়েছে। সন্দেহভাজন করোনা রোগীদের কোথায় কোথায় কোয়ারেন্টাইনে পাঠানো হবে সেটাও ঠিক করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে করোনা তা-বের মাঝেও বিমানের শিডিউল ফ্লাইট চালু করা সম্ভব হয়েছে লন্ডনসহ আবুধাবি ও দুবাইয়ে। করোনার আগে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টারে নিয়মিত বিমানের ফ্লাইট চালু ছিল। যার মধ্যে লন্ডন থেকে সিলেটের ফ্লাইটও অপারেট চালু করা হয়েছিল। ওই ফ্লাইটের যাত্রীদের ৬০ শতাংশেরও বেশি থাকতেন সিলেটি। করোনার প্রকোপ ছড়ানোর পরপরই এ বছর সেটা বন্ধ করে দেওয়া হয়। গত মাসে চালু করা হয় ঢাকা থেকে সরাসরি লন্ডনে বিমানের ফ্লাইট। আপাতত সপ্তাহে একটি ফ্লাইট অপারেট করা হচ্ছে। এ সুযোগেই যুক্তরাজ্যপ্রবাসীরা লন্ডন থেকে সরাসরি সিলেটে ফ্লাইট চালু করার জোর দাবি তোলেন।