ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনারসহ ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির এই নির্দেশ দেওয়া হয়। একই দিন আরেক অফিস আদেশে ডিএমপির আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ১০ দিনের মাথায় গতকাল ডিএমপির মিরপুর বিভাগের শীর্ষ তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তাদের সঙ্গে পল্লবী থানার ওসিসহ শীর্ষ তিন কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন দেশ রূপান্তরকে জানান, মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক আহম্মেদকে ডিএমপির প্রটেকশন বিভাগে এবং প্রটেকশন বিভাগের উপপুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিনকে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে, মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিজানুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগে, অপারেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আরিফুল ইসলামকে পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফিরোজ কাউসারকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী কমিশনার মো. শাহ কামালকে পল্লবী জোনের সহকারী কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে পল্লবী থানার ওসি হিসেবে, পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মাবুদকে ডিবির লালবাগ বিভাগে, লাইনওআর-এর পুলিশ পরিদর্শক আবু সাইদ আল মামুনকে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে এবং কাউন্টার টেররিজম বিভাগের পুলিশ পরিদর্শক মো. ইয়ামিন কবিরকে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।