মেজর সিনহা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপির

আগামী ১৬ আগস্ট থেকে দলের সাংগঠনিক পুনর্গঠন কাজ শুরু করার বিষয়ে একমত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল শনিবার স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় একমত হন তারা। বৈঠক শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য। জানা গেছে, বিকেল ৪টায় ভার্চুয়াল সভা শুরু হয়। এতে লন্ডন থেকে সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির ঐ সদস্য বলেন, এর আগে দলের সব পর্যায়ের কমিটি কাউন্সিলের মাধ্যমে করার সিদ্ধান্ত হয়। গতকালের বৈঠকে ১৬ আগস্ট থেকে দলের সাংগঠনিক পুনর্গঠন কাজ শুরু করার বিষয়ে একমত হয়েছেন তারা।

ওই সদস্য আরও বলেন, সভায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানোর সিদ্ধান্ত হয়। সভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান দলের নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

 বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা ইসলাম ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।