আগাম নির্বাচনের সম্ভাবনার মধ্যে ৯৫ বছর বয়সে আবারও নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিলেও নতুন দলের নাম এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন।
মাহাথিরের নতুন দল ক্ষমতাসীন পেরিকাতান নেসিওনাল (পিএন) বা বিরোধী দল পাকতান হারপানের (পিএইচ) সঙ্গে জোটবদ্ধ হবে না বলে জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।
২০১৬ সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার আগে পার্টি প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়া (পিপিবিএম) প্রতিষ্ঠা করেন। তিনি নিজে দলটির চেয়ারম্যান হন এবং মুহিউদ্দিনকে প্রেসিডেন্ট নিযুক্ত করেন। এ বছরের শুরুর দিকে পিপিবিএম দলের মধ্যে এক বিরোধের জেরে মুহিউদ্দিন বিরোধী দলের সঙ্গে পিএন জোট গঠন করলে মাহাথির ও তার সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।
ওই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেন মাহাথির। তবে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মাহাথিরের বিপক্ষে রায় দেয়। এরপরেই এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। মাহাথির বলেন, নতুন দল হবে জাতিগত মালয়ভিত্তিক। এর লক্ষ্য হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মালয়েশিয়াকে আরও একবার ‘এশিয়ান টাইগার’ হিসেবে প্রতিষ্ঠা করা।