সাগরে নিখোঁজের ৪ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার ৪ ঘণ্টা পর মঞ্জুর আলম (২৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর উপজেলার রায়পুর ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের আহমদ ছফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্থানীয় আবদুর রহমানের নৌকাটি ছয়জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বিকেলে মৎস্য আহরণ শেষে পরুয়াপাড়া ঘাটে ফিরে নৌকাটি নোঙর করেন জেলেরা।

এ সময় নৌকা থেকে নেমে তারা কূলে উঠতে গেলে জোয়ারের স্রোতে তলিয়ে যান মঞ্জুর। অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে ওই এলাকায় মঞ্জুরের মরদেহ ভেসে উঠলে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মো.নুরুজ্জামান বলেন, নৌকা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে জেলে মঞ্জুর আলম জোয়ারের স্রোতে তলিয়ে যায়। রাত ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।