শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম

চট্টগ্রামে ৯ বছরের শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুমের মামলায় একমাত্র আসামি মোহাম্মদ রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে আদালতে আসামির উপস্থিতিতে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। 

আদালত জানান, ২০২৩ সালের ২১ মার্চ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়নী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় তার মা নগরের পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে স্থানীয় সবজি বিক্রেতা মো. রুবেলের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের ৯ দিন পর পাহাড়তলীর মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে আয়নীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে শিশুটির ব্যবহৃত পোশাক ও স্যান্ডেলও পাওয়া যায়। রুবেল খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ বলেন, মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ধর্ষণচেষ্টা ব্যর্থ হওয়ার পর শিশু আয়নীকে  হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোহাম্মদ রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত