চট্টগ্রামে পানির ট্যাংক থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে একটি নবনির্মিত ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে আকবর শাহ থানাধীন হারবাতলী এলাকায় নবনির্মিত একটি ভবনের পানির ট্যাংকে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন–রাজু আহমেদ (৩০) ও খুরশিদ রায়হান (২৮)। দুজনেরই বাড়ি নোয়াখালীতে।

আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ওই দুই শ্রমিক পানির ট্যাংক পরিষ্কার করার জন্য নেমেছিলেন। সেখানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে ধারণা করছি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ওই দুজনের মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।