করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলো আগামী ১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে চালু হবে। ৩১ আগস্টের মধ্যে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার এ কথা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম। তবে লোকাল ট্রেনগুলো চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রেল মন্ত্রণালয়। করোনাভাইরাস ঠেকাতে গত ২৬ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গত ৩১ মে থেকে ৫০ ভাগ আসন ফাঁকা রেখে সীমিত পরিসরে কয়েকটি আন্তঃনগর ট্রেন চালু করে রেলওয়ে। যা এখনো চলমান রয়েছে। ৩১ মে থেকে আট জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া শুরু করে। ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। বাংলাদেশে বর্তমানে ১০৪টি আন্তঃনগর ট্রেন রয়েছে।
শরিফুল আলম জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বর্তমানে যেভাবে ট্রেন চলছে একইভাবে বাকি ট্রেনগুলো চলবে। ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করছে। বর্তমানে ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।