ভারতে কারাভোগ শেষে ফিরলেন আরও ১৭ তাবলিগ সদস্য

কারাভোগ শেষে তাবলিগ জামাতের আরও ১৭ বাংলাদেশি সদস্যকে ফেরত পাঠিয়েছে ভারত। গত রবিবার রাত সাড়ে ১১টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। তারা রাজধানীর মিরপুর ও দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পরে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহে রাখা হয়।

এর আগে গত শুক্রবার রাতে তাবলিগ জামাতের আরও ১৪ বাংলাদেশি সদস্যকে ফেরত পাঠায় ভারত। তারাও ঝিকরগাছার গাজীর দরগাহে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রম্নয়ারি মাসে ২৬৫ জন তাবলিগ জামাতের সদস্য পাসপোর্টযোগে ভারতে যান। দেশটিতে করোনা প্রাদুর্ভাবের সময় তারা দিল্লিতে অবস্থান করছিলেন। অভিযোগ আসে তারা ভারতে করোনা সংক্রমণ ছড়াচ্ছেন। পরে দেশটির পুলিশ মার্চ মাসের শেষ দিকে তাদের আটক করে উত্তর প্রদেশের কেন্দ্রীয় কারাগারে পাঠায়। সেখানকার আদালত তাদের ৪০ দিনের সাজা দেয়। সাজার মেয়াদ শেষে পর্যায়ক্রমে তারা ফিরছেন।

বেনাপোল চেকপোস্ট  ইমিগ্রেশনের ওসি মহসিন খান জানান, ভারতে আটক তাবলিগ জামায়াতের ৮ নারীসহ ১৭ জনকে ভারতীয় ইমিগ্রেশন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, দীর্ঘদিন ভারতের কারাগারে অবস্থান করায় তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।