বাংলাদেশের শ্রীলঙ্কা সফর: টেস্টের সঙ্গে ওয়ানডে না টি-টোয়েন্টি

কদিন আগেই জানা গিয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে ইতিবাচক আলোচনাই হচ্ছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী।

এই সফরে তিন টেস্টের সঙ্গে বাড়তি একটি সিরিজের আলোচনাও হচ্ছে। সেই সিরিজটি ওয়ানডে না টি-টোয়েন্টি হবে সেটি চূড়ান্ত হওয়ার পরই ঘোষিত হবে সূচি।

জুলাই-আগস্টে দুই দলের তিন টেস্টের সিরিজ হওয়ার কথা থাকলেও করোনার কারণে জুনে তা বাতিল করা হয়। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সোমবার প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ দল।

দুই বোর্ডের মধ্যে আলোচনা প্রসঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রাথমিকভাবে আলোচনা ছিল, আমাদের তিন টেস্টের একটা সিরিজ হবে। এর সঙ্গে আরও তিনটি টি-টোয়েন্টি খেলার একটা প্রস্তাব এসেছে। এটা আমরা নিজেরা কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। দিনক্ষণ আমরা এখনো চূড়ান্ত করিনি। কোন কোন সংস্করণের খেলা হবে সেটা ঠিক হওয়ার পর আমরা দিনক্ষণ ঠিক করব।’