চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালকের দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় অভিযুক্ত পরিবহন মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেন দুর্ঘটনায় নিহত দিনমজুর পরিবারের সদস্যরা।
গতকাল সোমবার দুপুরে দুর্ঘটনাস্থল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে ওই কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।
দুর্ঘটনাস্থলে গতিরোধক স্থাপন ও নিরাপদ সড়কের দাবি তুলে বক্তারা বলেন, অবিলম্বে অভিযুক্ত বাসচালককে দ্রুত আইনে শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, গত শনিবার ভোরে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে রয়েল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় নিহত হন দিনমজুরসহ ৬ জন। পরে ওই বাসের চালককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় বাদী হয়ে বাসচালকসহ দুজনকে আসামি করে মামলা করে পুলিশ।