নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফুল হক ভুইয়ার নেতৃত্বে জোরপূর্বক স্থাপনা করে সাবেক চেয়ারম্যান আপন ভাইয়ের জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়, ভুয়া দাতা সাজিয়ে জমি রেজিস্ট্রি করে ওই জমি দাবি করছেন চেয়ারম্যান।
গতকাল সোমবার দুপুরে সাবেক চেয়ারম্যান মৃত হারুন অর রশিদ ভুইয়ার স্ত্রী শামিমা সুলতানা ঝুনু রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেবরের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
ঝুনু অভিযোগ করেন, আমলাবো মৌজায় ১৬ শতাংশ জমি কোকিলা সুন্দরীর কাছ থেকে ক্রয়সুত্রে মালিক হয়ে হারুন অর রশিদ ভুইয়া দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। বছর পাঁচেক আগে হারুন অর রশিদ ভুইয়া মারা যাওয়ার পর ওই জমির ওপর নজর পরে দেবর আরিফুল হক ভুইয়ার। ঝুনু দেশের বাইরে থাকার সুযোগে দুই বছর আগে নরসিংদীর মাদবদী থানার আনন্দী এলাকার মৃত বিশ্বরূপ দাসের ছেলে শ্রী সহদেবকে কোকিলা সুন্দরীর নাতি বানিয়ে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রি করে নেন চেয়ারম্যান আরিফুল। সংবাদ সম্মেলনে নিজে উপস্থিত হয়ে ভুয়া দাতার বিষয়টি নিশ্চিত করেন শ্রী সহদেব নিজেই।
ঝুনু আরও অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আরিফুল হক ভুইয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক ওই জমিতে টিনের স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে। বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তার চলাচল নিয়ন্ত্রণে লেলিয়ে দেওয়া হয়েছে ‘সালামত’ নামের এক বখাটের নেতৃত্বে গুন্ডাদলকে।
তবে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুইয়া বলেন, ভাই হারুন অর রশিদ ভুইয়া মারা যাওয়ার পর ওই জায়গা তার স্ত্রী জাল দলিল করেছেন। এটা আমার জায়গা নয়। আমি কিছু জানিও না।