করোনা ঝুঁকির কারণে ম্যারাডোনাকে অনুশীলনে না যাওয়ার পরামর্শ

করোনাভাইরাসের সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকায় কোচ দিয়েগো ম্যারাডোনাকে তিন সপ্তাহ অনুশীলনে না আসতে পরামর্শ দিয়েছে তার বর্তমান ক্লাব জিমনেসিয়া দে লা প্লাটা।

করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় চলতি সপ্তাহে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনার শীর্ষ সারির ক্লাবগুলো। সুপার লিগার ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের করোনা টেস্ট করা হলে সাতজনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

করোনা থেকে ৫৯ বছর বয়সী ম্যারাডোনাকে নিরাপদ রাখার জন্য আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলারকে আপাতত তিন সপ্তাহের জন্য অনুশীলনে না আসতে পরামর্শ দিয়েছে তার ক্লাবের চিকিৎসক পাবলো দেল কাম্পারে।

“আমার পরামর্শ হলো যে, ম্যারাডোনা প্রথম দিকের অনুশীলনে যোগ না দিক।”

“ম্যারাডোনা করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকাদের দলে আছেন। অতিরিক্ত ওজন, হাইপারটেনশন, সম্প্রতি একটি অস্ত্রোপচার করায় এবং বয়স প্রায় ৬০ হওয়া এমন অনেক কারণে তিনি ঝুঁকিতে আছেন।”

“আমরা তাকে পরামর্শ দেব, যাতে প্রথম ধাপের অনুশীলনে না আসুক। ম্যারাডোনা এখনো তার লালা পরীক্ষা করাননি। মঙ্গলবারের মধ্যে সম্ভবত পরীক্ষাটা করিয়ে ফেলবেন। আমরা তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলেছি।”