পুলিশ আসার খবরে ছাদ থেকে পড়ে জুয়াড়ির মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে খলিলুর রহমান (৩০) নামের এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। এ সময় পুলিশ তিনজন গ্রেপ্তার করে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান উপজেলার বেলদী এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার বেলদী নামাপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে সিদ্দিক, অজিত সূত্রধরের ছেলে সজল সূত্রধর ও আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায় প্রতিরাতে জুয়া ও মাদকের আসর বসে। এতে করে এলাকার যুবসমাজ জুয়া খেলায়  ও মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক ও জুয়াড়িদের যন্ত্রণায় স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছে। বেলদী বাজার এলাকায় জুয়ার আসরের বিষয়টি এলাকাবাসী থানা পুলিশকে জানায়। পরে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বেলদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে সামিরের গ্রিলের দোকানের ছাদের উপরে অবস্থানরত জুয়ার আসর থেকে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন। এ সময় খলিলুর রহমান ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে ওই তিন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহতের ভাই বাতেন ভুইয়া বলেন, গত এক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে এসে এলাকার জুয়াড়িদের সঙ্গে মিশে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। জুয়াড়িদের কারণে আজ আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মাহিন ফরাজি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, জুয়া আইনে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।