২৪ ঘণ্টার মধ্যে পিসি রোড দখলমুক্ত চান চসিকের নবনিযুক্ত প্রশাসক সুজন

চট্টগ্রাম নগরের পোর্ট কানেকটিং সড়কের (সাগরিকা মোড় হতে নয়াবাজার পর্যন্ত) সমস্ত অবৈধ স্থাপনা, ফুটপাতের ওপর বসানো দোকানপাট ও স্তুপকৃত মালামাল আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন।

তিনি বলেন, পুরো চট্টগ্রাম নগরীর মধ্যে এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ। অথচ কী অদৃশ্য কারণে এতদিন যাবত এই কাজ সম্পন্ন হলো না, জানি না। আমি রাত-দিন এই রাস্তায় থাকবো, আমি দেখতে চাই এখানে বাঁধা কোথায়? যেখানে বাঁধা-সেখানেই লড়াই।

মঙ্গলবার সকালে সাগরিকা মোড় থেকে নয়াবাজার পর্যন্ত পোর্ট কানেকটিং সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চসিকের প্রশাসক হওয়ার আগে থেকে এই রাস্তার হালচিত্র আমাকে ব্যথিত করতো। তাই দায়িত্ব নেওয়ার পর পোর্ট কানেকটিং সড়ক কাজ তড়িৎ গতিতে সম্পন্ন করার প্রতিজ্ঞা করেছি। আমি ছাত্র রাজনীতি করে এই পর্যায়ে এসেছি। রাস্তায়-ই আমার রাজনীতি, আমি রাস্তাতেই থাকবো এবং সমাধান আনবো।

এ সময় রাস্তার দুইপাশে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে জনচলাচলে বিঘ্নকারীদের উদ্দেশ্যে বলেন, আজকে আমি আপনাদের একজন হয়ে বলে গেলাম, নিজ দায়িত্বে এসব অপসারণ করেন। নচেৎ আগামীকাল আমাকে দেখবেন প্রশাসকের ভূমিকায়। এসব অবৈধ স্থাপনা না সরালে আগামী ২৪ ঘন্টা পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা গুণতে হবে। এ সময় ব্যবসায়ীরা নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশাসককে। 

চসিক প্রশাসক এ সময় স্থানীয় জনসাধারণ ও পথচারিদের সাথে তাদের সমসাময়িক দূর্ভোগ ও সমস্যার বিষয়ে আলাপ আলোচনা করেন। পোর্ট কানেকটিং সড়কের জন্য কোথায় কি পদক্ষেপ নিলে বা কি ধরনের কাজ করলে ভালো হয় সে বিষয়েও অনেকের কাছে পরামর্শ গ্রহণ করেন।

সুজন বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এই সড়ক নির্মাণে যে সময় নষ্ট হয়েছে তা আর সহ্য করা হবে না। এখন শুধু কাজ আর কাজ। এই দূর্ভোগ কোনভাবেই মেনে নেওয়া হবে না। 

পরিদর্শনকালে চসিকের প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ, প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান, উপ-সহকারী প্রকৌশলী সুমন সেন, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, মোরশেদ আলম, সিরাজদৌল্লা নিপু, মোহাম্মদ বাবুল, আতিকুর রহমান, ফেরদৌস আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।