মাদারীপুরে ‘নো মাস্ক’ ‘নো সার্ভিস’ বাস্তবায়নে ১৪ টি ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে একযোগে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালতের ১৪ টি দল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত।

এর সাথে যোগ দেন জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বণিক সমিতির নেতারা। এ সময় হাটবাজার ও রাস্তাঘাটে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করা হয়। যারা মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে সর্তক করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এছাড়া উপজেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্তক করা হয়।

এ সময় কঠোর হুশিয়ারি দিয়ে প্রশাসন জানায় বুধবার থেকে মাস্ক ছাড়া সব ধরণের সার্ভিস বন্ধ থাকবে। কোন দোকানে মাস্ক ছাড়া কেনাবেচা করা যাবে না। নিয়ম না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, স্বাস্থ্যবিধি না মেনে কেউ দোকান খুললে সেই দোকান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন, বণিক সমিতি ও পৌরসভা যৌথ উদ্যোগ নিয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন বলেন, কোন অবস্থাতেই মাস্কছাড়া বাইরে চলাফেরা করা যাবে না। এমনকি দোকানেও কেনাবেচা করা যাবে না।