২০১৯-২০ মৌসুমে জুভেন্তাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপরও তার ইতালিয়ান ক্লাব ছেড়ে অন্যত্র পাড়ি দেওয়ার গুঞ্জন ডানা মেলেছে।
সিআরসেভেন এবার ফরাসি ক্লাব পিএসজিতে যেতে পারেন এমনই গুঞ্জন চারদিকে।
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে এসে টানা দুটি লিগ শিরোপা জিতেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুই বছর দলের খারাপ পারফরম্যান্সের কারণেই জুভেন্তাস ছাড়ার কথা ভাবছেন রোনালদো, এমনই বলা হচ্ছে। দ্রুতই নাকি এ বিষয়ে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা বলবেন পিএসজি কর্মকর্তাদের সঙ্গে।
টানা ৯ বার সিরি আ জিতলেও ২০১৫ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠতে পারেনি তুরিনের ক্লাবটি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে জোড়া গোল করেছিলেন রোনালদো। এরপরও লিঁও–র বিপক্ষে অ্যাওয়ে গোলের হিসেবে ছিটকে যায় জুভেন্তাস।
৩৭টি গোল করে এক মৌসুমে জুভেন্তাসের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন। তাই চলতি বছর ক্লাবের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোনালদো। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে দল ছিটকে যাওয়ায় অখুশি তিনি।
রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বার্সেলোনা চলে গেছে শেষ আটে। তাই জুভেন্তাস ছাড়ার কথা ভাবছেন পর্তুগিজ তারকা।
গুঞ্জন চলছে, আগামী কয়েক দিনের মধ্যেই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনায় বসবেন রোনালদোর এজেন্ট। সেখানেই ঠিক হতে পারে পর্তুগিজ তারকার ভবিষ্যৎ।