হেফাজতে আসামির মৃত্যু

কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

কক্সবাজার শহরে বিক্ষুব্ধ জনতার পিটুনি থেকে উদ্ধার করা মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই আসামির মৃত্যুর পর সন্ধ্যায় ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) খন্দকার গোলাম ফারুক দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকূল এলাকার প্রয়াত আব্দুর শুক্কুরের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

অ্যাডিশনাল ডিআইজি গোলাম ফারুক বলেন, গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় একদল লোক মাদক মামলার পলাতক আসামি নবী হোসেনকে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার গণপিটুনির হাত থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে নবী হোসেনকে কক্সবাজার থানায় নিয়ে আসা হয়। পরে গতকাল বিকেলে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর সন্ধ্যায় সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।